জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে নবাগত সিটি ক্লাবকে ৫০ রানে হারায় প্রাইম। চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারায় রূপগঞ্জ।
আগে ব্যাট করে অধিনায়ক নাঈম ইসলামের ৯২ রানে ভর করে তিনশর কাছাকাছি সংগ্রহ গড়ে রূপগঞ্জ। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটি তোলে ২৯১ রান।
চিরাগ জনি ৪৭, রকিবুল হাসান নয়ন ৪৬, সাব্বির রহমান ৪২ রান করেন। কাজী অনিক নেন ৩ উইকেট। আলমগীর হোসেন দুটি ও আল আমিন জুনিয়র নেন একটি করে উইকেট।
জবাবে ৩০.৪ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় গাজী। সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদুল হাসান। তানবীর হায়দার ও সঞ্জিত সাহা নেন দুটি করে উইকেট।
অপর ম্যাচে, আগে ব্যাটে করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে প্রাইম ব্যাংক। এনামুল হক বিজয় সর্বোচ্চ ৬০ রান করেন। শামসুর রহমান শুভ ৪৫ ও অধিনায়ক অলক কাপালির ব্যাট থেকে আসে ৪০ রান।
সিটি ক্লাবের আব্দুল হালিম, আমিনুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন নেন দুটি করে উইকেট।
জবাবে ৪৫.২ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। অধিনায়ক জাওয়াদ রোয়েন সর্বোচ্চ ৩৭ রান করে অপরাজিত থাকেন।
প্রাইম ব্যাংকের অফস্পিনার শেখ মেহেদী তুলে নেন ৩টি উইকেট। রাকিবুল হাসান ও কাপালি নেন দুটি করে উইকেট।







