বিশ্বকাপের মূল ম্যাচে নামার আগে হাতে চোট পেয়েছেন জাহানারা আলম। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ধরার সময় আঘাত পান টাইগ্রেস পেসার। ৪ ওভার পর আর বোলিং করতে পারেননি। খেলতে পারেননি বুধবার পাকিস্তানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচও।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে হাতের ছবি পোস্ট করেন জাহানারা। কব্জি ও তালু ফুলে যাওয়ার পাশাপাশি রঙ বদলে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে, চোট পাওয়ার পরই স্ক্যান করানো হয়। স্বস্তির খবর, হাতে চিড় নেই।
জাহানারাকে নিয়ে শঙ্কা না থাকলেও বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি যথাযথ হল না এ পেসারের। শনিবার নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর চারটায়।







