ক্রিকেট

প্রস্তুতি ম্যাচেও রোডসের চোখ

প্রস্তুতি ম্যাচেও রোডসের চোখ

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম পৌঁছেই স্টিভ রোডস সোজা চলে এলেন এমএ আজিজ স্টেডিয়ামে। সাকিব-মুশফিকরা যখন টিম হোটেলে চেক-ইন করতে ব্যস্ত, বাংলাদেশ দলের হেড কোচ তখন ডাগআউটে বসে দেখছেন বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ।

রেডিসন ব্লু হোটেল ও স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৫ মিনিটের হওয়ায় সুযোগটা কাজে লাগালেন রোডস। হোটেলে ঢোকার আগেই দেখে গেলেন দুই দিনের ম্যাচের শুরুটা।

২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ দল মাত্র ১৩ সদস্যের। দলে মূল পেসার দুজন। মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়ে রেখেছেন, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে কেউ সন্তুষ্ট করতে পারলে তার জন্যে দ্বিতীয় টেস্টের দলে ঢোকার পথ খোলা থাকবে।

সৌম্য সরকার, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন- টেস্ট দলে থাকা তিন ক্রিকেটার আছেন প্রস্তুতি ম্যাচের একাদশে। ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করায় শফিউল ইসলাম ও রুবেল হোসেনের বোলিং দেখতে পারলেন হেড কোচ। নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে মাঠেই কথা বললেন দীর্ঘক্ষণ।

পরের টেস্টে পেসার বাড়ালে রুবেলদের একজন বিবেচনায় আসতে পারেন দলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ বোলিং করা আবু জায়েদ রাহিও আছেন বিবেচনায়। বিকেলে মূল দল নিয়ে আসল অনুশীলনের আগে প্রস্তুতি ম্যাচে তাই কোচের দৃষ্টি রাখা।

প্রথম টেস্টের টাইগার দলে চার স্পিনার। সাকিব আল হাসান ফেরায় বাদ পড়েছেন নাজমুল ইসলাম অপু। যোগ হয়েছেন অফস্পিনার নাঈম হাসান। দলে দুই বাঁহাতি স্পিনার (সাকিব, তাইজুল), দুই অফস্পিনার (মিরাজ, নাঈম)। স্পিন আক্রমণ নিয়ে তাই না ভাবলেও চলছে।

সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে পরের টেস্টে তামিম ইকবাল ফিরলে এবং আর একজন পেসার বাড়লেই বাংলাদেশ দল হয়ে যাবে ১৫ সদস্যের।

শুরুতে স্কোয়াডে না থাকলেও ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছেন টেস্ট দল থেকে বাদ পড়া লিটন দাস। সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে তামিম ইকবাল পরের টেস্টে ফিরতে না পারলে ঢাকা টেস্টে আবার বিবেচনায় আসতে পারেন লিটন। হঠাৎ করে তাকে প্রস্তুতি ম্যাচে ডাকা সে ইঙ্গিতই দিচ্ছে।

প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২০০ রান। ৮৮ রান করে স্বেচ্ছা অবসরে গেছেন শাই হোপ। ৭২ রানের ইনিংস খেলে ফজলে রাব্বির বলে সাজঘরে ফিরেছেন কাইরেন পাওয়েল।

বিষয়:স্টিভ রোডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…