টলিউডের সিনেমায় সুপারস্টার বলা হয় বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎকে। বর্তমানে সব শ্রেণির দর্শকদের কাছে তার যে গ্রহণযোগ্যতা, সেটার সূত্রপাত মেইনস্ট্রিম সিনেমার পাশাপাশি মৌলিক গল্পের সিনেমায় অভিনয়ের মাধ্যমে! আর এই দারুণ সব সিনেমায় তার যাত্রা শুরু হয়েছিলো প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই!
মঙ্গলবার (৩১ আগস্ট) ছিলো ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকী। এদিন প্রিয় নির্মাতাকে স্মরণ করে কেক কাটেন প্রসেনজিৎ। পাশাপাশি ক্যারিয়ারে ঋতুপর্ণ’র ভূমিকার কথা স্মরণ করে ঋণ স্বীকার করেন এই সুপারস্টার।
ওয়েস্ট বেঙ্গেল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মঞ্চে পালন করা হল পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকী। সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সঙ্গে মিলে কেক কাটেন প্রসেনজিত। স্মৃতির পাতা হাতড়ে একগুচ্ছ গল্প এদিন সকলের সঙ্গে ভাগ করেন তিনি। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা আগে বহুবার প্রকাশ করেছেন এই চিত্রতারকা।
প্রসেনজিতের অভিনয় জীবনে পরিচালক ঋতুপর্ণের অবদান তিনি কখনও অস্বীকার করেননি। দোসর, উনিশে এপ্রিল, চোখের বালি, উত্সব, সব চরিত্র কাল্পনিক-এ ঋতুপর্ণের পরিচালনায় প্রসেনজিতকে দর্শক পেয়েছেন নবরূপে। এদিন সিনেমার সমাবর্তন মঞ্চে ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করলেন উপস্থিত থাকা সকলে।
ওয়েস্ট বেঙ্গেল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের বিভিন্ন বিভাগের মনোনয়ন বিভাগে, সেরা ছবির ক্যাটেগরিতে স্থান পেয়েছে- দ্বিতীয় পুরুষ, শ্রাবণের ধারা, অব্যক্ত, ড্রাকুলা স্যার, বরুণবাবুর বন্ধু। সেরা পরিচালকের মনোনয়ন তালিকায়- সৃজিত মুখোপাধ্যায়, অনীক দত্ত, দেবালয় ভট্টাচার্য, মৈনাক ভৌমিক।
সেরা অভিনেতার ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন, পরমব্রত চট্টোপাধ্যায়, জিত্, অনির্বাণ ভট্টাচার্য, শাশ্বত চট্টোপাধ্যায়। অন্যদিকে, সেরা অভিনেতা (মহিলা) ক্যাটেগরিতে রয়েছেন- অর্পিতা চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, রুক্মিণী মৈত্র।
জীবনকৃতি সম্মানে সম্মানিত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অন্যান্য আরও ক্যাটেগরিতে নির্বাচন করা হয়েছে। ৬ অক্টোবর সকালে প্রিয়া সিনেমাহলে ওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।








