বাংলাদেশের প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, তাকে দেশে আসতে দেয়া হচ্ছে না। আজকে আমাদের জন্য একটি কলঙ্কের দিন। বোঝাই যাচ্ছে যে আজকে তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।
মওদুদ আরো বলেন, আজকে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা দুঃখজনক। ষোড়শ সংশোধনীর রায় সরকারের বিপক্ষে গেছে, তাই সরকার বাধ্য করলো প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে। এই বিচার বিভাগ থেকে তারা নাকি সুবিচার পাননি! তারা রিভিউ পিটিশন না করে প্রধান বিচারপতিকে কেন পদত্যাগ করালেন?
বিচারবিভাগের যে সামান্যটুকু স্বাধীনতা ছিল সেটুকু সরকার নসাৎ করেছে। তাতে সরকারের কি লাভ হয়েছে জানিনা, দেশবাসীকে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিচার বিভাগ নিয়ে যে গর্ব করতাম তা আর করতে পারবো না।
মওদুদ বলেন, ‘অনুমতি নিয়ে বিরোধী দলকে সমাবেশ করতে হয় এটাইতো প্রমাণ করে যে বাংলাদেশে গণতন্ত্র নেই। আগে ওসি সাহেবে অনুমতি নিতে হতো এখন ডিসি সাহেবের , ডিসি মানেই তো সরকার, দেশের ঘরোয়া একটা সমাবেশে করতেও যদি সরকারের অনুমতি নিতে, তাহলে আর কি করবে সাধারণ মানুষ।’
আগামীকালের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন মওদুদ।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারী প্রমুখ।







