১৪ বছরের শিরোপাখরা কাটাতে নেমে বড় সংগ্রহ পেল না রাজস্থান রয়্যালস। ইনিংস বড় করতে পারেননি পুরো মৌসুমে ধারাবাহিক ব্যাটার জস বাটলার, ব্যর্থ হয়েছেন শিমরন হেটমায়ার, দেবদূত পাডিক্কাল ও অধিনায়ক সানজু স্যামসন। আর তাতে আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে গুজরাটকে মাঝারি লক্ষ্য দিতে পারল রাজস্থান।
আহমেদাবাদে ফাইনালে রোববার শুরুতে ব্যাট করে গুজরাটকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে রাজস্থান। গোলাপী জার্সিধারীদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেছেন বাটলার।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। বাটলার-জসওয়াল মিলে শুরুটা অবশ্য ভালোই করেছিলেন। চতুর্থ ওভারে গুজরাটের হয়ে প্রথম আঘাতটা হানেন যশ দয়াল। ২২ রান করা জসওয়ালকে কিশোরের ক্যাচ বানিয়ে সাজঘরের ফেরান বাহাতি এ পেসার।
সম্ভাবনা জাগিয়েও ভালো করতে পারেননি অধিনায়ক স্যামসন। ১৪ রানে ফিরেছেন পান্ডিয়ার বলে ক্যাচ হয়ে। ১০ বলে ২ রান করে রশিদ খানের বলে আউট হন পাডিক্কাল।
হেটমায়ার আউট হয়েছেন ১১ রান করে। শেষদিকে ট্রেন্ট রায়ান পরাগ, ট্রেন্ট বোল্ট ও ওবেদ ম্যাকয়ের ছোট ছোট সংগ্রহে কোনোরকমে ১৩০ রানে থামে রাজস্থানের ইনিংস।
গুজরাটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ২ টি উইকেট পেয়েছেন কিশোর। এছাড়া ১ টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি, যশ দয়াল ও রশিদ খান।








