এক সময় কলম দিয়ে মাঠের কথা মানুষকে জানাতেন। বর্তমানে চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর হিসেবে কর্মরত। টিভি সাংবাদিকতায় ভূমিকা রাখার পাশাপাশি এখনো লেখেন। বাংলাদেশের অভিষেক টেস্টে মাঠে ছিলেন। থাকবেন শততম টেস্টেও। সেই সাইদুর রহমান শামীম তার অনুভূতির কথা জানালেন চ্যানেল আই অনলাইনকে।
‘২০০০ সালের ২৬ জুন বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেয়া হয়। সেই সময় থেকে আমাদের একটা এক্সাইটমেন্ট ছিল। যখন চূড়ান্ত হলো যে বাংলাদেশ নভেম্বরের ১০ তারিখ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে, তখন ওই এক্সাইটমেন্টটা অনেক বেড়ে যায়।’
‘আমার এখনো মনে আছে ১০ নভেম্বর প্রথম টেস্টটা শুরু হলো। ম্যাচের আগে প্রিভিউ করে নয়টার মধ্যে বাসায় ফেরার কথা। আমরা কিন্তু কেউই ফিরলাম না। অনেক রাতে মাঠে চলে গেলাম। সেখানে বিসিবির সভাপতি সাবের ভাই ছিলেন। তখন ১১টা বাজে। ওই সময় ওবায়দুল কাদের ক্রীড়ামন্ত্রী ছিলেন। তিনি আসলেন। আমরা সবাই খুব একাত্ম হয়ে মাঠে ঘোরাঘুরি করছিলাম।’
‘আমাদের ধারণা ছিল না বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করবে। প্রথম হাফসেঞ্চুরিটা করে হাবিবুল বাশার। সে-ই প্রথম সাহসী ব্যাটিং শুরু করে। যেটা দেখে পুরো টিমটাই অনুপ্রাণিত হলো। আমাদের ধারণা ছিল হয়তো বাশারের ভাগ্যে প্রথম সেঞ্চুরি জুটবে। কিন্তু দুর্ভাগ্য তার ৭১ রানের সময় আউট হয়ে যায়। তারপর চার নম্বরে আমিনুল ইসলাম বুলবুল ব্যাট করতে আসে। প্রথমদিন ৭০ রানে অপরাজিত ছিল। ১১ তারিখে সেঞ্চুরি করলো। পরের দিন সরকারি ছুটি। পত্রিকা বের হবে না। আমরা খুব মুষড়ে পড়লাম। তখন সবাই আলাদা করে অল্প শব্দে কিছু লিখলাম। সম্ভবত ৭০-৮০টা লেখা হয়েছিল। কিছুদিন আগে শুনেছিলাম বুলবুলের কাছে লেখাগুলো আছে।’
‘কলম্বোর পি. সারা স্টেডিয়ামে বাংলাদেশ শততম টেস্ট খেলবে। এটি একটি ঐতিহাসিক স্টেডিয়াম। উপমহাদেশে এটি একমাত্র মাঠ, যেখানে ক্রিকেট ঈশ্বর স্যার ডন ব্র্যাডম্যান খেলেছেন। আশা করি বাংলাদেশ অনেক ভালো খেলবে। সারা দেশবাসী বাংলাদেশের খেলায় গর্বিত হবে।’








