দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে শুরু হয়েছে দ্বাদশ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। প্রথমবারের মতো বাংলাদেশের ছয়জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বাংলাদেশ দলের সদস্যরা হলেন; আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ মোসাদ্দেক, স্যার জন উইলসন স্কুলের দশম শ্রেণীর ফারদীম মুনির, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মো: ফারহান রওনক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী রুবাইয়্যাত ইকোলো, ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী সালসাবিল আশরাফ এবং ঢাকার এসএফএক্স গ্রীন হেরাল্ড স্কুলের অষ্টম শ্রেণী পড়ুয়া শামশাদ এরাম।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এই বছরের ২০ আগস্ট প্রথম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আয়োজন করে। অলিম্পিয়াডে বিজয়ীদের নিয়ে পর্যায়ক্রমিক ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়।
দলের সঙ্গে দলনেতা হিসাবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী, ব্র্যাকের শিক্ষা গবেষক ফারহানা মান্নান এবং এসপিএসবির সহকারী একাডেমিক কো-অর্ডিনেটর শিবলি বিন সারোয়ার।
আগামী ১১ ডিসেম্বর অলিম্পিয়াডের সমাপ্তি হবে।






