দুর্ঘটনার কবলে পড়া ইউএস বাংলার উড়োজাহাজটি অল্প জায়গার মধ্যে ঘুরাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
নেপালের গণমাধ্যম মাইরিপাবলিককে দেয়া এক তাৎক্ষণিক বক্তব্যে আর্নিকো পান্ডে বলেন, আমি তখন এয়ারপোর্টের পাশে রিং রোডে দাড়িয়েছিলাম। দেখতে পেলাম একটি উড়োজাহাজ অনেক নিচু হয়ে উড়ে যাচ্ছে। উড়োজাহাজটি টার্মিনালের দক্ষিণ দিকে অস্বাভাবিক রকমের দ্রুত ঘুরাতে গিয়ে হারিয়ে যায়। কিছুক্ষণ পরে প্রচণ্ড শব্দ ও ধোঁয়া দেখতে পেলাম।
উড়োজাহাজটিতে ৭৮ জন যাত্রী ছিল বলে জানা গেছে। আহত ১৭ জনকে উদ্ধার করে কাঠমান্ডু হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পর্যটন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি সুরেশ আচার্য।
সোমবার দুপুর তিনটার দিকে উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়ে দুর্ঘটনার শিকার হয়।
ওই এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এয়ারপোর্টের উদ্ধারকর্মী ও নেপালের সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নেয়।







