জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আফজাল হোসেন (৫০) নামের এক বৃদ্ধ।
আফজাল হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দক্ষিণ জিয়াপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহতের মেয়ে শারমিন সুলতানা বাদি হয়ে চিহ্নিত ৪ জনসহ অজ্ঞাত আরো কয়েক জনের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে আফজাল হোসেন তার বাড়ি সংলগ্ন দক্ষিণ জিয়াপুর আমিরা মাদ্রাসাগামী রাস্তার পাশের জমিতে থাকা মেহগনি গাছের চারা উত্তোলন করার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী রহমান বগার ছেলে সুলতান হোসেন (৩৫) ও তার স্ত্রী শিউলি আক্তার (২৮), মৃত রইচ মন্ডলের ছেলে রুবেল (৪২), সুলতান হোসেনের ছেলে শাকিব (১৮) ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে তাকে আঘাত করে।
সে সময় আফজাল হোসেন জীবন বাঁচানোর তাদিগে চিৎকার করলে আশেপাশে থাকা স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন।
আফজাল হোসেনের মেয়ে শারমিন সুলতানা বলেন , বর্তমানে আমার বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিজে বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোঃ রওশোন ইয়াজদানী জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অভিযোগ এসেছে এবং সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।







