দেশীয় চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে ভারতীয় চলচ্চিত্র আমদানি বন্ধের দাবিতে ২০ জুলাই চলচ্চিত্রকর্মীরা মানববন্ধন করেছিলেন। সেই মানববন্ধনের তিন দিনের মাথায় ভারতীয় সিনেমা কোলোর কীর্তি বাংলাদেশে প্রদর্শনে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ।
এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশের সিনেমা হলগুলিতে ‘কেলোর কীর্তি’ মুক্তি পেতে যাচ্ছে শীঘ্রই।
নীতিমালা অনুসরণ না করে আমদানি করা ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনের নিষেধাজ্ঞা চেয়ে এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৯ জুলাই হাইকোর্ট এ সিনেমা প্রদর্শনে ছয় মাসের স্থগিতাদেশ দেন। পাশাপাশি এই সিনেমা প্রদর্শন করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন।
এ আদেশ স্থগিত চেয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে রোববার উক্ত আদেশ দেন সর্বোচ্চ আদালত।
এদিকে অবাধে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীর প্রতিবাদ এবং দেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে প্রযোজক, পরিচালক, শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা মানববন্ধন করেন। মানববন্ধনে চলচ্চিত্র শিল্পরী বলেছেন ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন বন্ধ না হলে তারা না খেয়ে মরবে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, জনপ্রিয় নির্মাতা দেলোয়ার জাহার ঝন্টু, শাকিব খান মানববন্ধনে সরকারের কাছে ভারতীয় ছবি বন্ধের অনুরোধ জানিয়েছেন। এবং তারা বলেছেন, বাইরের ছবি প্রদর্শন বন্ধ না হলে বাংলাদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে।
কলকাতার পরিচালক রাজা চন্দ পরিচালিত ‘কেলোর কীর্তি’ সিনেমাটি ঈদুল ফিতরে ভারতে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেন দেব, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ প্রমুখ। এটি তামিল ‘চার্লি চ্যাপলিন’ চলচ্চিত্রের অনুকরণে বানানো হয়েছে।








