শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট করার উদ্যোগ নিয়েছে আইসিসি। তাদের সহযোগী হিসেবে কাজ করছে ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতেই বিসিবির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন মাশরাফি।
টাইগার অধিনায়ক বলেন, “শারীরিকভাবে যারা অক্ষম তাদের কিছু করে দেখানোটা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমাদের সবারই তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।”
এ ধরনের উদ্যোগের প্রশংসা করে মাশরাফি আরও বলেন, “আমরা যারা সুস্থ আছি এবং জাতীয় দলে খেলছি তারা সবাই প্রতিবন্ধী ক্রিকেটারদের চেষ্টা দেখে উৎসাহ পাচ্ছি।”
মাশরাফিকে নিজেদের মাঝে পেয়ে আনন্দিত শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য এবং আয়োজকরা।
তারা বলছেন, জাতীয় দলের অধিনায়ক তাদের টুর্নামেন্টের সঙ্গে থাকায় তারা বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন।
আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে চান বলে জানান দলের ওপেনিং ব্যাটসম্যান ফয়সাল খান সুমিত। নিয়মিত প্রশিক্ষণ ও টুর্নামেন্ট খেলতে পারলে তারাও ভালো করতে পারবেন বলে মনে করেন তিনি।
আয়োজক কমিটি আইসিসির এমন উদ্যোগের প্রশংসা করেছে।
টুর্নামেন্ট শুরু হবে আগামী ২রা সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ই সেপ্টেম্বর। পাঁচ দেশীয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ।
আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে বিকেএসপি। ২০ সদস্যের দল থেকে চূড়ান্ত স্কোয়াড ঠিক করবেন নির্বাচকরা।







