কোটা বাতিল করে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির দাবিতে রোববার সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
রোববার সকাল ১১টায় এ কর্মসূচি পালনের জন্য ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বানও জানিয়েছেন তারা।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় গত বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের শাস্তি দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, ফারুক হাসান, বিন ইয়ামিন প্রমুখ।
কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলনের তীব্রতা পায় এপ্রিল মাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।
এরপর দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা।







