প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, প্রকৃতিকে যারা ভালোবাসে, তাদেরকে ভালোবাসতে হবে। তাদের প্রতি যত্নবান হতে হবে এবং প্রণোদনা দিতে হবে।
শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত ‘ন্যাচার ফেস্টিভ্যাল ২০১৮’তে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
‘দূষণ রোধ করুন, প্রকৃতিকে সংরক্ষণ করুন’ প্রতিপাদ্যকে ধারণ করে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রকৃতি উৎসবের উদ্বোধন করেন উপাচার্য ড. ফারজানা ইসলাম।
উপাচার্য বলেন, প্রকৃতি বৈরী আচরণ করলে মানুষ প্রকৃতির মমত্ব অনুধাবণ করতে পারে। প্রকৃতিকে ধ্বংস করলে মানুষ ক্ষতির সম্মুখীন হয়। এজন্য প্রকৃতির প্রতি যত্নবান হতে হবে।
ন্যাচার কনজারভেশন ইনিসিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক।
জহিরুল ইসলাম তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মনোয়ার হোসেন, অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ।
পরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সহ অতিথিবৃন্দ ফেস্টিভ্যালে বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।








