সিলেট নগরীর আম্বরখানায় দিনদুপুরে রাস্তার মধ্যে নারীকে মারধরকারী ব্যবসায়ীকে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ। মারধরের সময় পুলিশ ব্যবসায়ী তপুকে হাতেনাতে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আম্বরখানার সেন্ট্রাল প্লাজার সামনে এক নারীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর করেন আম্বরখানার তপু টেইলার্সের সত্ত্বাধিকারী তপু। তিনি আওয়ামী লীগ নেতা শেখ তোফায়েল আহমদ শেপুলের ভাই।
অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে সমঝোতার কথা বলে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে যান তপু।
এ ব্যাপারে আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ শেখ মো ইয়াসিন বলেন, তিনি মামলা সংক্রান্ত কাজে সারাদিন আদালতে ছিলেন। নারীকে পেটানোর দায়ে একজনকে ফাঁড়িতে নিয়ে আসার কথা শুনেছিলেন। তবে সন্ধ্যার পর ফাঁড়িতে এসে তাকে আর পাননি। এ ব্যাপারে আর কিছু জানেন না বলেও জানান ইয়াসিন।
আর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল আলম জানিয়েছেন, নারীকে মারধরের কোনো অভিযোগ তিনি পাননি।
সিলেটটুডে২৪.কম জানায়, নির্যাতনের শিকার হওয়া নারী (৩০) তপুর মালিকানাধীন টেইলার্সে কাজ করতেন। কিন্তু গত কয়েকদিন তিনি দোকানে আসেননি।
মঙ্গলবার সকালে ওই নারী দোকানে আসলে তপু তাকে গালিগালাজ করেন। গালিগালাজ শুনে ওই নারী চলে যেতে উদ্যত হলে তপু তাকে রাস্তায় ফেলে মারধর শুরু করেন।
এ ব্যাপারে আশপাশের লোকজন এগিয়ে এলে তপু বলেন, ‘সে আমার দোকানের কর্মচারী। অর্ডারের কাজ নিয়ে ঠিকমতো কাজ না করায় আমি তাকে শাসাচ্ছি।’
এসময় আম্বরখানা পয়েন্টে থাকা পুলিশের হাবিলদার নাজিম উদ্দিনসহ কয়েকজন পুলিশ এসে দু’জনকে ধরে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
পুলিশের কাছে নির্যাতিত নারী অভিযোগ করেন, ‘আমার বেতনের টাকা নিয়ে সে (তপু) আমাকে তিন মাস ধরে ঘুরিয়েছে। আজ আমি বেতনের টাকা নিতে এলে সে আমাকে গালিগালাজ করে। গালিগালাজের একপর্যায়ে আমি বাসায় ফিরে যেতে চাইলে সে আমার পিছু নেয়। পিছু নিচ্ছে দেখে দৌড় শুরু করি। এরপর আমাকে রাস্তায় ফেলে মারধর করে।’






