রাজধানীতে একই দিনে একজন প্রকাশককে কুপিয়ে হত্যা এবং আরো এক প্রকাশকসহ তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, ৩১শে অক্টোবর তারিখে প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন, আহমেদুর রশিদ টুটুল, এবং আরো দুই জনের ওপর যে কাপুরুষোচিত হামলা হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। নিহতদের পরিবার, বন্ধু এবং বাংলাদেশী জনগণের প্রতি আমরা সহানুভূতি জানাই।
এ সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, এই বছরের শুরুতে নীলয় চক্রবর্তী, ওয়াসিকুর রহমান, অনন্ত বিজয় দাশ এবং অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের মতো এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড সহিংস চরমপন্থা রুখতে আমাদের উভয় সরকারের যৌথ প্রচেষ্টার গুরুত্বের ওপরই জোর দেয়।
এতে বলা হয়, যে সকল বাংলাদেশী এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে আমরা তাদের পাশে আছি এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা কাজ করে যাব।






