ভুয়া কাগজপত্র ও জাল পাসপোর্ট নিয়ে প্রবেশের পর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে আটক করেছে প্যারাগুয়ে পুলিশ। দেশটির পুলিশ প্রতিবেদনের সূত্র ধরে এমন খবর জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। রোনালদিনহোকে বড় ধরনের সাজার মুখে পড়তে হতে পারে।
দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বুধবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের কাছের এক হোটেলে উঠেছিলেন রোনালদিনহো ও তার ভাই। সেখানে তল্লাশি চালিয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা ও তার ভাইয়ের লাগেজ থেকে এসব ভুয়া কাগজপত্র উদ্ধার করে প্যারাগুয়ে পুলিশ।
আরেক সংবাদমাধ্যম লা ন্যাসিওন জানাচ্ছে, রোনালদিনহো ও তার ভাই রবের্তোর পাসপোর্টে প্যারাগুয়ের নাগরিকত্ব উল্লেখ করা ছিল। দেশটিতে প্রবেশকালে যা দেখে সন্দেহ হয় বিমানবন্দর পুলিশের। পরে হোটেলে অভিযান চালিয়ে তাদের দু’ভাইকেসহ আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ।
রোনালদিনহোর আটকের বিষয়টি নিশ্চিত করেছে প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি বুধবার রাত পর্যন্ত হোটেলে থাকার অনুমতি পেয়েছেন তারা। বৃহস্পতিবার প্রসিকিউটরের অফিসে শুনানির জন্য হাজির করা হবে রোনালদিনহোদের।
প্যারাগুয়ের ক্যাসিনো মালিক নেলসন ব্যালোত্তির ডাকে সাড়া দিয়ে একাধিক দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল সাবেক ব্রাজিলিয়ান মহাতারকার। দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট যদিও হাতে ছিল না তাদের। ২০১৫ সালে লেক গুয়াইবার সংরক্ষিত স্থানে মাছ ধরার অবৈধ ব্যবসা করায় ২০১৮ সালের নভেম্বরে রোনালদিনহোকে ৬৫ মিলিয়ন পাউন্ড জরিমানা করেন ব্রাজিলের উচ্চআদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় তার পাসপোর্ট।







