পোশাক আইন অমান্য করায় ব্যাটসম্যান উমর আকমলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না আকমল।
গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে একটি ম্যাচে পোশাক আইন লঙ্ঘন করেন আকমল। যেখানে জার্সিতে একটি বেশি কোম্পানির লেগো লাগানো নিষিদ্ধ, সেখানে সতর্কবার্তার দেওয়ার পর দুটি লেগোসহ জার্সি গায়ে দেন আকমল।
দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেছেন, কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে ১৫ তারিখের অকল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না আকমল।
আলম বলেন, ‘পিসিবি আমাদের অবগত করেছে যে, কায়দে-ই-আজম ট্রফির ফাইনালে ড্রেস কোড লঙ্ঘন করেছেন উমর আকমল। তাই শুক্রবারের ম্যাচে তিনি খেলতে পারবেন না।’
এর আগে শৃঙ্খলা ভঙের অভিযোগ আছে আকমলের বিরুদ্ধে। কোচ ওয়াকার ইউনুসের রিপোর্টের ভিত্তিতে ২০১৫ বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন তিনি।






