বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে সাউথ আমেরিকা অঞ্চলের খেলায় পেরুকে হারিয়ে শীর্ষস্থান আরো পোক্ত করলো ব্রাজিল। পেরুকে তাদেরই মাঠে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল জেসাস ও রেনাতো অগাস্টো।
এই জয়ে দ্বিতীয়স্থানে থাকা উরুগুয়ের চেয়ে পরিস্কার চার পয়েন্টে এগিয়ে ব্রাজিল।
খেলার প্রথমার্ধে ব্রাজিলকে ভালোভাবেই আটকে রাখে পেরু। এই বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ করেও এই অর্ধে কোনো গোল পায়নি নেইমার-জেসাসরা।
গোল পেতে দ্বিতীয়ার্ধেও আরো প্রায় ১৫ মিনিট অপেক্ষা করতে হয় ব্রাজিলিয়ানদের। খেলার ৫৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। পেরুর ডি-বক্সে বল নিয়ে দ্রুতগতিতে ঢুকে পড়েন কোটিনহো। কিন্তু তাকে ফেলে দিলেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হন পেরুর ডিফেন্ডাররা। সেসময় কাছে থাকা জেসাস অনেকটা আড়াআড়ি শটে বল জড়িয়ে দেন জালে।
গোল খাওয়ার দুই মিনিট পর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল পেরু। কিন্তু পেরুভিয়ান মেসি খ্যাত রুডিয়াসের সেই চেষ্টা ব্যর্থ করে দেন ব্রাজিল গোলকিপার।
প্রথমার্ধে দুটি দুর্দান্ত সেভের পর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটেও ব্রাজিলকে আরেকবার গোলবঞ্চিত করেন পেরুরর গোলকিপার। তবে ৭৮ মিনিটে ব্রাজিলকে আর ঠেকাতে পারেনি পেরু। প্রথমে দলকে লিড এনে দেয়ার পর দ্বিতীয় গোলে দারুণ অবদান রাখেন পালমিরাসের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসাস। তার ক্রস থেকেই দলের ব্যবধান দ্বিগুণ করেন অগাস্টো। শেষ দিকে আর কোনো গোল না হওয়ায় ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বাকিদের চেয়ে বেশ নিরাপদ দূরত্বে ব্রাজিল। ১২ ম্যাচে উরুগুয়ের পয়েন্ট ২৩। সমান সংখ্যক ম্যাচে ইকুয়েডর-চিলির পয়েন্ট ২০। আর্জেন্টিনার ১৯। ৬ নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৮।







