কিছুদিন আগে ছোটপর্দায় প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান। নুশরাত ইমরোজ তিশার বিপরীতে তিনি অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য নতুন একটি টেলিফিল্মে চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে প্রথমবার কাজ করলেন হৃদয়।
এস এ হক পরিচালিত ‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মটি আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচার করা হবে।
রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে গতকাল সকাল থেকে। এতে রোদেলা চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা এবং ফাহিম চরিত্রে অভিনয় করছেন হৃদয় খান।
টেলিফিল্মের গল্পে ফাহিম দেশের বাইরে থেকে দেশে আসা, চুপচাপ শান্ত স্বভাবের খুব মুডি একজন ছেলে। অন্যদিকে রোদেলা খুব দুষ্টু প্রকৃতির একজন মেয়ে। এক সময় রোদেলার দুষ্টুমিই ভালো লেগে যায় ফাহিমের। এগিয়ে যায় রোমান্টিক গল্প।
টেলিফিল্মে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ।








