কক্সবাজারের রামুতে মুক্তিপণ না দেয়ায় সহোদর দুই শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় ক্ষুদ্ধ জনতা অপহরণকারী চক্রের সদস্যদের ৩টি বাড়ি পুড়িয়ে দিয়েছে।
বুধবার পুলিশ-জনতার উদ্ধার অভিযান চলাকালে অপহরণকারীরা দু’শিশুকে হত্যা করে। পুলিশ যখন তাদের লাশ উদ্ধার করে, তখনও তাদের মুখ থেকে তাজা রক্ত ঝরছিলো বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে ৪ জনকে আটক করেছে। এ নিয়ে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হত্যাকান্ডের শিকার সহোদররা হলেন, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বিল এলাকার বাসিন্দা মোহাম্মদ ফোরকানের বড় ছেলে মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮)।
জানা গেছে, নিহত মোহাম্মদ হাসান পলাশ বাইশারী শাহ নুরুদ্দিন মাদরাসার তৃতীয় শ্রেণির এবং মোহাম্মদ হোছাইন কাজল বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, রোববার (১৭ জানুয়ারি) বিকালে বাড়ির পাশে খেলা করার সময় অপহরণকারী চক্র মোহাম্মদ হাসান শাকিল ও মোহাম্মদ হোছাইন কাজলকে অপহরণ করে। পরে অপহরণকারীরা শিশুদের অভিভাবকদের মোবাইল ফোনে কল করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলো। অপহরণের পর থেকে দুদিন পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
রামু থানার ওসি আবদুল মজিদ জানিয়েছেন, দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






