পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারীকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীকে দুই মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১টায় দেবীগঞ্জ আমলি আদালত ১০৪ এ আসামীদের হাজির করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যা মামলায় ১০ দিন ও অস্ত্র-বিস্ফোরক মামলায় ১০ দিন রিমান্ড আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা.মার্জিয়া খাতুন তিন আসামীকে হত্যা মামলায় ১০ দিন ও অস্ত্র বিস্ফোরক মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।






