পঞ্চগড়ে পুরোহিত হত্যাকাণ্ডে আইএস দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জঙ্গিবাদের সংবাদ সরবরাহকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
সাইটের খবরে বলা হয়েছে, দি ইসলামিক স্টেট বাংলাদেশের উত্তরাঞ্চলে শ্রী শ্রী সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার দাবি জানিয়েছে।
রোববার সকাল সাতটার দিকে তিন মটরসাইকেল আরোহী দুর্বৃত্ত এই ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে পুলিশ। সকালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মন্দিরের দিকে ঢিল ছুড়লে বেরিয়ে আসেন মহারাজ যজ্ঞেশ্বর রায়।
এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। গোপাল চন্দ্র রায় সাহায্য করতে এগিয়ে এলে তাকেও গুলি করে দুর্বৃত্তরা।
গত বছর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে এবং ঢাকায় শিয়া সমাবেশে হামলার পরও আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
তবে এই সংস্থাটির পরিবেশিত দাবি নিয়ে বরাবরই সন্দিহান বাংলাদেশের প্রশাসন।
সরকার বরাবরই দাবি করছে, দেশে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর জঙ্গিগোষ্ঠী আইএসের কোনো তৎপরতা নেই। এসব ঘটনা দেশীয় কোনো গোষ্ঠী ঘটাচ্ছে।
একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাংলাদেশে আইএসের অস্তিত্ব থাকার প্রমাণ দিতে চেষ্টা করছে বলেও মনে করে সরকার।






