পঞ্চগড়ে হিন্দু পুরোহিত যগেশ্বর রায়কে হত্যা এবং তাঁকে রক্ষায় এগিয়ে আসা গোপাল চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।
সোমবার এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার আশা প্রকাশ করেন মায়াদুন।
নিহত পুরোহিতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। এছাড়াও আহত গোপাল চন্দ্র রায়ের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
কোন একটি ধর্মের উপর হামলা সকল ধর্মের প্রতিই হামলা বলে অভিমত মায়াদুনের। সংশ্লিষ্ট প্রশাসন পূর্ণাঙ্গ তদন্তের নিশ্চয়তার মাধ্যমে এই ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনবে বলে আশা প্রকাশ করেন পিয়েরে মায়াদুন।
রোববার সকাল সাতটার দিকে তিন মটরসাইকেল আরোহী দুর্বৃত্ত পুরোহিতকে গলা কেটে হত্যা এবং গোপাল চন্দ্র রায়কে গুলি করে। প্রত্যক্ষদর্শীর পুলিশ জানায় সকালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মন্দিরের দিকে ঢিল ছুড়লে বেরিয়ে আসেন মহারাজ যগেশ্বর রায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। গোপাল চন্দ্র রায় সাহায্য করতে এগিয়ে এলে তাকেও গুলি করে দুর্বৃত্তরা।







