দাম্পত্য জীবন একটু পুরনো হলেই দেখা যায় একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। বিশেষ করে সম্পর্ক পুরনো হতে শুরু করলে যৌনজীবনের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন অনেক নারী। সাউথাম্পটন ইউনিভার্সিটির গবেষণায়ও এমনটাই বলা হয়েছে। তবে পুরুষের ক্ষেত্রে বিষয়টি এমন নয়। সময়ের সাথে যৌন জীবনের ব্যাপারে তাদের আগ্রহ একেবারেই কমে না।
বিষয়টি নিয়ে গবেষণা কম হয়নি। অনেকেই অনেক পথ বাতলেছেন। কিছু ক্ষেত্রে সেগুলো কার্যকরীও। তারপরও গবেষণা থেমে থাকেনি। যৌনতা যেহেতু জীবনের এক বড় অংশ, মানুষের সুখ-অসুখের অনেকটাই যেহেতু যৌনজীবনের উপর নির্ভর করে, তাই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ– সব জায়গাতেই গবেষণা চলছে। দাম্পত্য জীবনে যৌনতাকে গুরুত্ব দিয়ে নানা পথ এবং পদ্ধতির সুপারিশ করেছেন অনেক গবেষক।
তবে, এসব কিছুর মূলে কাজ করে মস্তিষ্ক এবং মানসিকতা। গবেষকরা তাই তার উপর গুরুত্ব দিতে বলছেন। হৃদয় এবং মস্তিষ্ক দিয়ে যে যৌনজীবন সেটা অনেক বেশি সুখের। সেই সুখ মানুষের দৈনন্দিন জীবনেও প্রবাহিত হয় যা একটি দম্পতিকে আরো বেশি সুখি করে তুলতে পারে।
ব্রিটিশ লেখক ইসাবেল লোসাডা তার বই ‘অ্যাডভেঞ্চার ইন সেক্স, লাভ অ্যান্ড লাফটার’-এ দাম্পত্যকে আরও উপভোগ্য করে তোলার চারটি পরামর্শ দিয়েছেন। জেনে নিন সেগুলো সম্পর্কে:
‘হ্যাঁ’, ‘না’ বলতে শিখুন
অধিকাংশ পুরুষই নারীর মন বুঝতে পারেন না। অনেক নারীও তাদের চাহিদাগুলো সঙ্গীকে বোঝাতে পারেন না। অনেক সময় সঙ্গীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে ইচ্ছে না করলেও, ‘না’ বলার সাহস করেন না অধিকাংশ নারী। ফলে একসময় যৌনকর্মের প্রতিই অনীহা দেখা দেয়। ঠিক একইভাবে আগ্রহী হলে ‘হ্যাঁ’ বলা উচিত। এতে দাম্পত্য আরও মধুর হয়ে উঠবে।
নিজের শরীরকে চিনুন
আপনার শরীরকে আপনিই সবচাইতে ভালো বুঝতে পারবেন। শরীরের স্পর্শকাতর স্থানগুলো সম্পর্কে ধারণা রাখুন। আপনার সঙ্গীকে জানিয়ে দিন যে তার সান্নিধ্য কীভাবে পেতে চাইছেন আপনি।
সন্তুষ্ট হওয়ার ভাণ করবেন না
ইসাবেল এর মতে, অনেক নারীই শারীরিক মিলনে সন্তুষ্ট না হলেও সঙ্গীকে বিষয়টি বুঝতে দেন না। রিলেশনশিপ এক্সপার্টরা এই কৃত্রিমতা পরিহার করার উপদেশ দিয়ে থাকেন। কারণ এটা দাম্পত্য সম্পর্ককে ভালো করার বদলে আরও বিগড়ে দিতে ভূমিকা রাখে। কারণ এতে পুরুষ কখনোই সঙ্গীর আসল প্রতিক্রিয়া জানতে পারবেন না।
চ্যালেঞ্জ গ্রহণ করুন
দাম্পত্য সম্পর্ককে আরও উপভোগ্য করে তুলতে চাইলে খেয়াল রাখুন সেটা যেন একঘেয়ে না হয়ে যায়। একইভাবে সঙ্গীর সামনে নিজেকে উপস্থিত করবেন না। নিত্যনতুন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে প্রতিদিন নিজেদেরকে ভেঙ্গে নতুন করে গড়ুন। এতে পুরনো দাম্পত্যে নতুন যৌনজীবন ফিরে আসবে।








