মিস তুরস্কের খেতাব জিতেও তা কয়েক ঘণ্টার ব্যবধানেই হারিয়ে ফেললেন ইতির ইসেন। ১৮ বছর বয়সী ইতির ইসেনের পুরনো একটি টুইট কর্তৃপক্ষের কাছে আপত্তিকর মনে হওয়ায় তার মুকুট ছিনিয়ে নেয়া হয়েছে।
২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক বিদ্রোহ হয়েছিল। রক্তক্ষয়ী অভ্যুত্থান ঠেকানোর প্রচেষ্টায় ২৫০ ব্যক্তি নিহত ও কমপক্ষে দুই হাজার মানুষ আহত হন। তাদেরকে তুরস্কের প্রেসিডেন্ট ‘শহীদ’ এর মর্যাদা দেন। এই ঘটনার একবছর পূর্তিতে ২০১৭ সালের ১৫ জুলাই ইসেন টুইটারে একটি টুইট করেন যেখানে তিনি শহীদদের রক্তের সঙ্গে পিরিয়ডের রক্তের তুলনা করেন।
এই টুইট প্রতিযোগিতার আয়োজকদের সামনে এলে তারা এটাকে খুবই আপত্তিকর বলে অভিহিত করেন এবং ইসেনের মুকুট ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। তার বদলে দ্বিতীয় স্থান জয়ী আসলি সুমেন তুরস্কের প্রতিনিধি হিসেবে চায়না গিয়ে মিস ওয়ার্ল্ডে অংশ নেবেন।
ওই টুইটে ইসেন লিখেছিলেন, ‘১৫ জুলাইয়ের শহীদ দিবসকে সেলিব্রেট করতে আজ সকালে আমার পিরিয়ড শুরু হয়েছে। আমি রক্তের মাধ্যমে শহীদদের রক্ত ত্যাগ উদযাপন করছি।’
ইতির ইসেনের খেতাব ছিনিয়ে নেয়ার পর তিনি সামাজিক মাধ্যমে জানান, এই টুইটের পেছনে তার কোন রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি রাষ্ট্রের প্রতি ভালবাসা নিয়েই বড় হয়েছেন। তাই তার মতে এটা নিছক ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না। তিনি এই পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন। বিবিসি।










