টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশের ডোবায় পড়ে যাওয়া পুতুল কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো: উপজেলার এলেঙ্গা পৌর এলাকার বানিয়াবাড়ী এলাকার জাহিদ হোসেনের ছেলে নাহিদ (৪) ও একই এলাকার আবু বক্করের ছেলে আবির (৪)।
সোমবার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে।
এলেঙ্গা পৌর মেয়র নূরে-আলম সিদ্দিকী বলেন: সোমবার সকালে ওই দুই শিশু দু’টি পুতুল নিয়ে খেলা করছিল। পরিবারের অজান্তে খেলতে খেলতে ওই শিশুরা বাড়ির পাশের ডোবার কাছে চলে যায়। খেলার কোনো এক সময় পুতুল দু’টি তাদের হাত থেকে ছিটকে ডোবার পানিতে পড়ে যায়। এসময় পুতুল কুড়ানোর জন্য পানিতে নামলে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে।
মেয়র বলেন: একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।








