সম্পাদকীয়

পিইসি-জেএসসিতে যারা উত্তীর্ণ হতে পারেনি, তারা যেন চাপে না পড়ে

উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় সমালোচনায় থাকা পঞ্চম (পিইসি/ইবতেদায়ী) ও অষ্টম শ্রেণির (জেএসসি/জেডিসি) সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারাবছর ধরে শিশুদের উপরে বাড়তি চাপ, পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস ও খাতা মূল্যায়ন নিয়ে নানা কানাঘুষার কারণে এই পরীক্ষা নিয়ে আন্দোলন ও সমালোচনা চলছে কয়েক বছর ধরেই। এসব কিছুকে পাত্তা না দিয়ে প্রতি বছর প্রায় ৫০ থেকে ৬০ লাখ শিক্ষার্থী পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষায় বসে। এবারও ওই দুই শ্রেণিতে প্রায় ৫৫ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল, তাদের মধ্যে প্রাথমিকে ৯৫.১৮ শতাংশ, ইবতেদায়িতে ৯২.৯৪ শতাংশ আর জেএসসিতে পাসের হার ৮৩.৬৫ এবং জেডিসিতে ৮৬.৮০ শতাংশ পাস করেছে। গত বছরের তুলনায় এ বছরের পাসের হার কিছুটা কমেছে, কমেছে জিপিএ-৫ পাওয়াদের সংখ্যাও। এসব পরীক্ষার কারণে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে, একটা সময় এরকম জনমত ও চাপ তৈরি হলেও সরকার এ পরীক্ষাগুলোকে শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও সাফল্য হিসেবেই দেখছে। অনাগত ভবিষ্যত আর চ্যালেঞ্জ মোকাবেলায় এই শিক্ষাব্যবস্থা আসলেই কতোটা কার্যকর হচ্ছে, সেই এসিড টেস্টের ফলাফল জানতে আমাদের হয়তো কয়েক যুগ অপেক্ষা করতে হবে। তবে আমাদের আশা, বর্তমান ব্যবস্থার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে তা ঠিক করা থেকে শুরু করে শিশুদের মানসিক বিকাশ যেনো বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখবেন নীতি নির্ধারকরা। ভবিষ্যত প্রজন্ম যেনো সুস্থ ধারায় বেড়ে উঠে দেশের হাল ধরতে পারে এই আমাদের প্রত্যাশা। এবারের সমাপনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি, তারা যেনো সামাজিক-পারিবারিক কোনো চাপের মধ্যে না পড়ে এবং সামনের বছর আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। আর যারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে পেরেছে, তাদের জন্য শুভ কামনা। প্রকৃত শিক্ষায় আলোকিত হোক পরবর্তী প্রজন্ম।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…