গুলশানে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে পুলিশের রিমান্ডে আছেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব। রিমান্ড থেকে পাওয়া তথ্য এখনো প্রকাশ করা না হলেও সম্প্রতি প্রকাশিত হামলার সময়কার কিছু ছবি তাহমিদের বিরুদ্ধে সন্দেহকে অনেকটাই পাকা করে দিচ্ছে জনগণের মনে।
তবে এর বিরুদ্ধে তাহমিদকে নির্দোষ দাবি করে তার মুক্তি চেয়ে প্রচারণা চালাচ্ছে অনেকেই। ফেসবুকে এজন্য একটি পেজও খোলা হয়েছে। তাহমিদের মুক্তির পক্ষে দাবি জানিয়েছেন এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজরিন। এ প্রসঙ্গে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী সাংবাদিক ফজলুল বারী। তিনি লিখেছেন:
‘প্রিয় ওয়াসফিয়া নাজরিন। আপনি বাংলাদেশের গর্ব এভারেস্ট বিজয়ীদের অন্যতম। এবং নারী হিসাবে
আপনি একমাত্র এভারেস্ট বিজয়িনী না। কিন্তু আপনাকে নিয়ে বেশি মাতামাতি হয়েছে। সম্মান দেয়া হয়েছে বেশি। কারণ আপনি পারিবারিকভাবে বাংলাদেশের উঁচুতলার মানুষদের একজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাকে অনেক সম্মান দিয়েছেন।
কিন্তু আপনি আপনার সম্মান রক্ষায় সতর্ক কী? আপনি কী করে গুলশান হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব তাহমিদকে সমর্থন করেন? তার মুক্তির পক্ষে প্রচারণা চালান? আপনি কী করে বলেন বাংলাদেশ একটি তথাকথিত স্বাধীন দেশ?
প্রিয় ওয়াসফিয়া, অনেক কষ্টে আপনি এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। পা পিছলে নিচে পড়ে যেতেও সময় নিচ্ছেন না!! কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই আপনার ভ্যারিফাইড পেজ থেকে আপনি আপনার এসব বিতর্কিত পোস্টসমূহ এর মাঝে মুছেও দিয়েছেন!

কিন্তু এভাবে দেশের মানুষের মনে যে কষ্ট, ক্ষোভ, তিরস্কার আপনি এর মাঝে সৃষ্টি করেছেন তা মুছবেন কী দিয়ে??’











