চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় ৪০০ মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়াও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের সবার ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী উপদ্রুত জেলাগুলোর সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।
সেসময় তিনি জানান, পাহাড় ধসের ঘটনায় ১১২ জন আহত হয়েছে, যাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের উদ্ধার ও উন্নত চিকিৎসা তদারকির কাজ ঢাকা থেকে মনিটরিং করা হচ্ছে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকেও পার্বত্য জেলাগুলোতে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।







