৩৩ কোটি টুইটার ব্যবহারকারীর কাছে সতর্কবার্তা পাঠিয়েছে টুইটার কর্তৃপক্ষ। নিজস্ব নেটওয়ার্কে ত্রুটি ধরা পড়ার পর দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতে বলছে টুইটার। টুইটার অবশ্য ব্যবহারকারীদের আশ্বস্ত করে বলছে অভ্যন্তরীণ তদন্তে কারও পাসওয়ার্ড চুরি যাওয়ার বা কারও তথ্যের অপব্যবহার হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি এক টুইটে জানান, কোনো ইউজার যখন লগইন করার জন্য পাসওয়ার্ড দেন, টুইটারের কর্মীদের কাছ থেকে তা গোপন রাখার জন্য তা অন্য কোনো সংখ্যা বা হরফে বদলে ফেলা হয়, যাকে বলা হয় হ্যাশিং। হ্যাশিং শেষ হওয়ার আগেই অবিকৃত অবস্থায় গ্রাহকের পাসওয়ার্ড টুইটারের অভ্যন্তরীণ একটি কম্পিউটার লগে জমা হচ্ছিল। অ্যাকাউন্টের সুরক্ষার জন্য ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন চালু করে নিতে বলেছে টুইটার।






