বিলিয়ন টাকার লেনদেন হওয়া তারকাজগতেও নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নতুন কিছু না। এখনও বলিউডের নায়কদের চেয়ে অনেক কম সম্মানী পান নায়িকারা। সম্প্রতি পারিশ্রমিক বৈষম্য নিয়ে বলিউডে মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা।
‘আকিরা’ এবং ‘লুটেরা’সহ বলিউডে বেশ কিছু ছবিতে শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী। অভিনয়ে পুরুষ সহশিল্পীদের থেকে কোনো অংশে কম দক্ষ নন সোনাক্ষী সিনহা। তাই বলিউডে অভিনয়শিল্পীদের আয়ের বৈষম্য নিয়ে প্রতিবাদ জানালেন তিনি।
একজন নারীর সমমানের কাজে যদি পুরুষের আয় বেশি হয়, তাহলে সেটাই আয় বৈষম্য। ইদানীং বলিউডে নায়িকা-ভিত্তিক ছবি নির্মাণ হচ্ছে। শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন নায়িকারা। পারিশ্রমিক বৈষম্য প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘বলিউডকে বদলাতে হলে আয়ের বৈষম্য দূর করতে হবে। কারণ আমরা এমন সময়ে কাজ করছি যখন নারীভিত্তিক ছবি নির্মিত হচ্ছে।’
সোনাক্ষী মনে করেন, একজন নারী পুরো ছবিকে একাই দর্শকদের কাছে তুলে ধরার যোগ্যতা রাখে। বলেন, ‘নির্মাতা যদি নারীশিল্পীকে বিশ্বাস করেন এবং ছবির খরচ শিল্পী তুলে দিতে পারেন, তাহলে অবশ্যই নারীশিল্পীকে পুরুষের সমান পারিশ্রমিক দেয়া উচিত।’
সোনাক্ষীর আগে আনুশকা শর্মা, প্রিয়াংকা চোপড়া, শাহরুখ খান, রাধিকা আপ্তে এবং কারিনা কাপুর খান বলিউডের আয় বৈষম্য নিয়ে প্রতিবাদ করেছেন। হিন্দুস্তান টাইমস।









