পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামে বোমা বিস্ফোরণে মাহিরন বেগম (৭৫) নামের এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের পুত্রবধু রেশমা খাতুনও (৩০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। নিহত মাহিরন বেগম চরবলরামপুর গ্রামের তাজু প্রামাণিকের স্ত্রী এবং রেশমা খাতুন তার ছেলে আজিবর প্রামাণিকের স্ত্রী।
আজিবর প্রমাণিক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে তারা নামাজ পড়ার জন্য উঠলে বাইরে থেকে দুর্বৃত্তদের ছোঁড়া একটি বোমা এসে বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় মা ও স্ত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে মায়ের মৃত্যু হয়।
পাবনা সদর সার্কেল এএসপি শেখ মো: সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।








