পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ শরিফ হোসেন (২৫) নামের সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় সন্ত্রাসীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা ও দু’জন কনস্টেবল আহত হয়েছে। তারা হলেন, এএসআই নান্নু, কনস্টেবল রেজাউল ও আব্দুল কুদ্দুস। বর্তমানে তারা পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার ভোর রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সুতিরবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফ পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
আটঘরিয়া থানার (ওসি) ফারুক আহম্মদ জানান, রোববার ভোর রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসী শরিফ হোসেন নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি শর্টগান, চাপাতি এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।








