রাজশাহীর গোদাগাড়ির চর আলাতুলিতে যে বাড়িতে জঙ্গি আস্তানা গড়ে তোলা হয়েছিল সে বাড়িটি পাখি পর্যবেক্ষণের কথা বলে জঙ্গিরা ভাড়া নিয়েছিল বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার অভিযান শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রেস ব্রিফিং করেন।
এসময় তিনি জানান: বাড়ির মালিক রাশিকুল, তার স্ত্রী নাজমা ও রাশিকুলের শ্বশুর খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক জানায়, প্রায় ১ মাস আগে পাখি পর্যবেক্ষনের জন্য চরের ভেতরের ওই বাড়িটি দু’জন ভাড়া নিয়েছিলো।
‘লোকালয় থেকে দূরে চরের মাঝখানে এই বাড়িতে থেকে বিভিন্ন ধরনের পাখি দেখবে বলে জানিয়েছিল জঙ্গিরা। তারা বাড়ির মালিককে তাদের তোলা পাখির ছবিও দেখিয়েছে।’
মুফতি মাহমুদ বলেন: ঢাকায় জঙ্গিদের গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে চরের একটি বাড়িতে র্যাব-৫ এর একটি দল অভিযান চালায়। অভিযানে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলায় তারা সাড়া না দিয়ে প্রথমে গুলি ও গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

‘জবাবে র্যাবও পাল্টা গুলি চালায় এবং আবারো তাদের আত্মসমর্পণ করতে বলে। ভোর ৫টার দিকে বাড়িটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়। পরে ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর থেকে বাড়িটিকে ঘিরে রাখা হয়।’
তিনি জানান: সকাল ৮টার দিকে র্যাবের বোমা নিস্ক্রিয়কারী দল বাড়ির ভেতরে প্রবেশ করে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করে এবং পরে তা নিস্ক্রিয় করে। র্যাব সদস্যরা পরে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল, ৭টি ডেটোলেটর, ১২টি পাওয়ার জেলসহ তিন জঙ্গির মৃতদেহ উদ্ধার করে।
চর আলাতুলী একটি চরাঞ্চল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে এটি দুই কিলোমিটার দূরে অবস্থিত। পদ্মা নদী পার হয়ে সেখানে যেতে হয়। এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা।








