পাকিস্তানের অবকাঠামো ব্যবহার করেই ক্রিকেটে ধাপে ধাপে উন্নতি করেছে আফগানিস্তান। বন্ধুপ্রতিম এই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল দেখা দিয়েছে চরমভাবে। সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছে তাদের কাছে যেন ক্ষমা চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আর এসিবির দাবি তারা কোন দোষ করেনি, ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।
আফগানিস্তানের কাবুলে গত ৩১মে বোমা হামলায় নিহত হন ৮০ জন নাগরিক। আহত হয়েছেন প্রায় ৫০০ জন। এই হামলার জন্য পাকিস্তানকেই সরাসরি দায়ী করেছে আফগানিস্তান।
এরপরই এক টুইটে এসিবি জানায় পিসিবির সঙ্গে সবরকম সম্পর্ক ছেদ করছে তারা। টুইটে লেখা ছিল, ‘সন্ত্রাসীদের আশ্রয়দানকারীদের সঙ্গে কোনও সম্পর্ক নয়।’
এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে পিসিবি। সংস্থাটির প্রধান শাহরিয়ার খান এসিবি প্রধান আসিফ মাশালকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছেন। পরে পাল্টা তীর ছুঁড়ে মাশাল জানিয়েছেন, ‘পিসিবি এবং অন্য বোর্ডগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক মর্যাদার এবং জাতীয় স্বার্থের। ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন দেখছি না।’










