পাকিস্তানের জনপ্রিয় ডন পত্রিকার সহযোগী সম্পাদক সাইরিল আলমেইদার উপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গণমাধ্যমকে স্বাধীন এবং ভীতিমুক্তভাবে কাজ করতে দেয়ার কথাও বলে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানায় তারা।
বেসামরিক সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার বিষয়ে সংবাদ প্রকাশের দায়ে দেশটির কর্তৃপক্ষ সাইরিলের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এর আগে ৬ অক্টোবর পত্রিকাটির প্রথম পাতায় লেখা প্রতিবেদনটির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপত্তি জানানো হয়।
সাইরিল আলমেইদার উপর ভ্রমণ নিষেধাজ্ঞাকে ভীতিপ্রদর্শনের নগ্ন কৌশল অ্যাখ্যা দেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল ইস্যু বিষয়ক পরিচালক অড্রে গওগ্রান। বলেন, সাংবাদিকদের নীরব করে দিতে এবং তাদের কাজ না করতে দিতেই এমন নীতি।
পাকিস্তানে এমনিতেই সাংবাদিকদের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা এবং নিরাপত্তার উপর বেশ কয়েকটি আক্রমন নথিভুক্ত করেছে অ্যামনেস্টি। এছাড়াও এ বছরের শুরুতে রিপোর্টার্স উইদাউট বর্ডার গণমাধ্যমের স্বাধীনতার উপর ১৮০ টি দেশের একটি তালিকা করে। যেখানে পাকিস্তানের অবস্থান ছিলো ১৪৭। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের এমন দুরবস্থা দূর করতে ২০১৪ সালে এক বিশেষ কমিশন গঠনের অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কিন্তু দুই বছর অধিক পার হলেও এ বিষয়ে কোন অগ্রগতি নেই।







