রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাঞ্জাব প্রদেশে ভারতের ক্ষেপণাস্ত্র এসে পড়ায় ভারতকে জবাব দিতে পারতো পাকিস্তান, তবে আমরা সংযম দেখিয়েছি।
গত ৯ মার্চ বুধবার একটি ভারতীয় সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে এবং লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে একটি কোল্ড স্টোরেজ গুদামে আঘাত করে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী রোববার বিকেলে পাঞ্জাবের হাফিজাবাদ জেলায় একটি জনসভায় ভাষণে ক্ষেপণাস্ত্র অবতরণের ঘটনায় গতকাল প্রথম তার বক্তব্য তুলে ধরেন।
ইমরান খান তার দেশের প্রতিরক্ষা প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘আমাদেরকে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশকে শক্তিশালী করতে হবে।’
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর শনিবার জানায়, তারা ক্ষেপণাস্ত্র অবতরণের ঘটনা সম্পর্কে ভারতের ‘সরল ব্যাখ্যা’ নিয়ে সন্তুষ্ট নয়। তারা এ ঘটনার আশেপাশের তথ্যগুলি সঠিকভাবে যাচাই করার জন্য একটি যৌথ তদন্তের দাবি জানিয়েছে।
ক্ষেপণাস্ত্র বা এই ধরনের ঘটনা যদি দুর্ঘটনাক্রমেই ঘটে থাকে, তবে ভারত কেন তা দ্রুত অবগত করলো না, সে বিষয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
ভারত দাবি করেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি রুটিন রক্ষণাবেক্ষণ অপারেশন চলাকালীন ক্ষেপণাস্ত্রটি ‘দুর্ঘটনাক্রমে’ ছোঁড়া হয়েছিল এবং এই ঘটনার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।







