কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। কোহলি ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন।
পাকিস্তানের ১৮ ওভারে ছুড়ে দেওয়া ১১৮ রানের জবাবে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। মাত্র ২৩ রানের মধ্যে ৩ টপ অর্ডারকে হারিয়ে বসে ধোনির দল। এরপরই যুবরাজের সঙ্গে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি।
দলীয় ৮৮ রানে যুবরাজ ফিরে গেলেও এক প্রান্ত আগলে খেলতে থাকা কোহলি ধোনিকে সঙ্গে নিয়ে ১৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে পাক ব্যাটসম্যানদের শুরুটা ছিলো একটু সাবধানী। সারজিল খান এবং আহমেদ শেহজাদ প্রথম ৪৬ বল থেকে স্কোর বোর্ডে জমা করেন মাত্র ৩৮ রান। এরপর ৮ রানের ব্যাবধানে সারজিল খান এবং শেহজাদ ফিরে গেলে থমকে যায় রানের চাকা।
ব্যাটিং পজিশনে ওপরে ওঠে আসা শহীদ আফ্রিদিও আজ তেমন একটা কারিশমা দেখাতে পারেননি। ১৪ বল থেকে সংগ্রহ করেন মাত্র ৮ রান।
এরপরই শোয়েব-আকমল জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। উমর ১৬ বল খেলে সংগ্রহ করেন ২২ রান এবং শোয়েব মালিক ২৬ রান। শেষ পর্যন্ত ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করতে সমর্থ হয় পাকিস্তান।
ভারতের পক্ষে ১ ওভারে ৪ রান দিয়ে এক উইকেট দখল করেন সুরেশ রায়না।






