স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, যারা পাকিস্তানিদের দোসর তারা আজ গণহত্যা দিবসে নিরব আছে।। তাদের মুখে কোন শব্দ নেই। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও তারা কোন কথা বলে না। কেননা, তারা যদি কথা বলে তাহলে তাদের বন্ধু পাকিস্তান মন খারাপ করবে।
রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রাঙ্গনে আরটিভি আয়োজিত ‘আঁধার কাটুক হাজার আলোয়’ শিরোনামে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।
আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
নাসিম বলেন, আজ সারাদিন দেশের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গণহত্যা দিবস পালন করলেও একটি গোষ্ঠীর কোন কথা নেই। তারা একদম নিশ্চুপ, নিরব,নিস্তব্ধ। পাকিস্তানের মন খারাপ হবে জেনেই এই গোষ্ঠীটি গণহত্যা দিবস নিয়ে কোন কথা বলেনি। মিডিয়াকর্মীরা শত চেষ্টা করেও তাদের দিয়ে কোন কথা বলাতে পারেনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এসব পাকিস্তানি দোসরদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি যারা এমন দিনেও চুপ থেকেছে। বাংলাদেশ তাদের ধিক্কার দেয়।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উজ্জীবিত ক্রিকেট মাঠ থেকে সবখানেই আজ বাংলাদেশ বিজয়ী বলে উল্লেখ করেন মন্ত্রী।
এবারই ২৫ মার্চ প্রথমবারের মতো গণহত্যা দিবস হিসেবে পালিত হয়েছে। আওয়ামী লীগ থেকে শুরু করে সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গণহত্যা দিবস পালন করলেও দেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি দিবসটি উপলক্ষে কোন কর্মসূচি রাখেনি। বিভিন্ন সময় দলটির অনেক নেতৃবৃন্দের কাছ থেকে এ বিষয়ে প্রশ্ন করেও কোন উত্তর পাওয়া যায়নি।







