এশিয়া শ্রেষ্ঠত্বের প্রথম তিন আসরে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপেই খুশি থাকতে হয়েছিল ভারতকে। পরে দিন যত গড়িয়েছে নিজেদের উন্নতির শিখরে নিয়ে গেছে ভারত, আর হকি বিশ্ব ক্রমেই পাকিস্তানের পতন দেখছে! পতনের ধারা অব্যাহত রেখে দশম এশিয়া কাপের সুপার ফোর থেকেই বিদায় নিল তিনবারের এশিয়া সেরা দলটি।
শনিবার চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-০ গোলে হারিয়ে সর্বোচ্চ অষ্টমবারের মত ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
সর্বশেষ ২০০৯ সালে ফাইনাল খেলেছে পাকিস্তান। এবার সুপার ফোরের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ হল মোহাম্মদ ইরফানের দলের। সুপার ফোরে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।
টেবিলের সবার ওপরে থাকা ভারতের সংগ্রহ ৭ পয়েন্ট। ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে বর্তমান শিরোপাধারী কোরিয়া কিংবা মালয়েশিয়া।
মাওনালা ভাসানী হকি স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে শুরুতে দাপট দেখিয়েছে পাকিস্তান। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নেওয়া পাকিস্তানের একটি শট ফিরেছে প্রতিপক্ষের গোললাইন থেকে।
প্রথমার্ধে আরও চারবার পেনাল্টি কর্নার পেয়েছে পাকিস্তান। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক আকাশ চিকতির দৃঢ়টায় গোলবঞ্চিত থাকতে হয় ইরফানের দলকে।
পক্ষান্তরে ভারত আক্রমণে গেছে রয়েসয়ে। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীত সিংয়ের শট গোলপোস্টে লেগে ফিরে আসলে গোলশূন্য ভাবেই প্রথমার্ধ শেষ করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে পাকিস্তানের আধিপত্য ছিল। তবে কাজের কাজটি করেছে ভারত। ৩৯ মিনিটে ডানপ্রান্ত দিয়ে একক নৈপুণ্যে গোল আদায় করে দুবার এশিয়া সেরা দলটির ফাইনালের পথ প্রশস্ত করেন সাতবির সিং।
ম্যাচের শেষ ৯ মিনিটের মধ্যে পাকিস্তানের ফেরার পথ বন্ধ করে দিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন হারমানপ্রীত সিং। পরের মিনিটেই দুর্দান্ত ফিনিশিংয়ে তৃতীয় গোলটি এসেছে ললিত উপাধ্যায়ের স্টিক থেকে।
পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন গুজরান্ট সিং। ৫৭ মিনিটে তার ফিল্ড গোল পাকিস্তানের জালে দলের একহালি পূর্ণ করে। পাশাপাশি নিশ্চিত করে অষ্টমবারের মত ভারতের ফাইনাল টিকিটও।








