পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে সাউথ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থারকে
নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। গত মাসে ভারতে অনুষ্ঠিত টি-২০
বিশ্বকাপে দলের ভরাডুবির পর পদত্যাগ করা ওয়াকার ইউনিসের স্থলাভিষিক্ত
হচ্ছেন আর্থার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে বলা হয়, ‘স্বচ্ছ প্রক্রিয়া এবং বিস্তারিত আলোচনার পর পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ গ্রহণ নিশ্চিত করেছেন আর্থার।’
আর্থার ২০০৫-২০১০ পর্যন্ত সাফল্যের সঙ্গে নিজ দেশ সাউথ আফ্রিকা দলের কোচের দায়িত্ব পালন করেন। এরপর ১৯ মাস অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি।
আসন্ন ইংল্যান্ড সফরে চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একমাত্র টি-২০ ম্যাচের জন্য পাকিস্তান দলকে প্রস্তুত করা হবে আর্থারের প্রথম অ্যাসাইনমেন্ট। 
এ যাবতকালে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে নবম স্থানে থাকা পাকিস্তান দলের খেলোয়াড়দের নতুনভাবে গড়ে তুলতে তাকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
নতুন কোচের ওপর বিশ্বাস রেখে পিসিবি বলছে, তার অসাধারণ রেকর্ড রয়েছে এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে এক সময় সাউথ আফ্রিকাকে তিন ফর্ম্যাটেই শীর্ষে উঠিয়েছেন তিনি। আর্থারের অধীনেই দক্ষিণ আফ্রিকা একনাগারে ১৩টি ওয়ানডে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড স্পর্শ করে।







