বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দেবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে সাক্ষাৎ করে খাদ্য সহায়তার কথা জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
দুইপক্ষের আলোচনায় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি বিষয় উঠে আসে।ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরণের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বলে মন্ত্রীকে জানান করেন।
ডব্লিউএফপি’র নির্বহী পরিচালককে জানান, ‘ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে বাংলাদেশে রাখা সম্ভব না। মিয়ানমারকে এসব নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। বর্তমানে বাংলাদেশে এমনিতেই খাদ্যমূল্য উর্ধ্বমুখী। তাই দ্রুত এসব নাগরিকদের ফিরিয়ে নিতে কুটনৈতিক তৎপরতা জোরদারের আহবান জানান তিনি।
ডেভিড বিসলে জানান, খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ইতোমধ্যে তিনি বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছেন। মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের সাথে কথা বলেছেন।







