পাঁচ বছর পর আবারও ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের বিস্ফোরক ওপেনার ইমরান নাজির। দুবাইতে একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ফিরবেন তিনি।
আর্থাইটিসের কারণে ক্যারিয়ারই হুমকি মুখে পড়েছিল নাজিরের। চিকিৎসা শেষে ভালো খবর পেয়েই মাঠে ফিরছেন তিনি। ফিটনেস ফিরে পেতে নাজির অবশ্য নেটে ফিরেছেন চলতি বছরের শুরুতেই।
ছয় দল নিয়ে দুবাইতে হতে যাওয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে লাহোর ক্যালেন্ডারসের হয়ে খেলবেন নাজির। টুর্নামেন্ট হবে ৪-৬ অক্টোরব পর্যন্ত।
আবার মাঠে ফিরতে পেরে খুশির কথা জানিয়েছেন নাজির। আর এই সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন লাহোর দলকে, ‘ফিরতে পেরে আমি খুশি। সৃষ্টিকর্তা ধন্যবাদ জানানোর সঙ্গে লাহোর ক্যালেন্ডারসকেও ধন্যবাদ জানাই। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে দল এবং আমার ফ্যানদের সন্তুষ্ট করার চেষ্টা করব।
পাকিস্তান জাতীয় দলের হয়ে আটটি টেস্ট, ৭৯ ওয়ানডে ও ২৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন নাজির।








