এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে একযোগে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।







