প্রস্তুতি ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান কোচ বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা রেখে গেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কথাগুলো বলেছেন, তাতে স্পষ্ট বাংলাদেশের কন্ডিশনের জন্য পরিচিতি একটা ফাঁদ পেতেই মুশফিকদের ধরতে চান তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন স্পিন নিয়ে বেশ ভাবনা-চিন্তা করছে তার দল।
হাথুরুসিংহে কোচ হয়ে আসার পর বাংলাদেশ দল অনেকটা পেস নির্ভর। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ম্যাচ জিততে হলে শেষ পর্যন্ত ওই স্পিনারদের দিকেই তাকিয়ে থাকতে হয়। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজই তার প্রমাণ।
অস্ট্রেলিয়ানরাও বিষয়টা ভালোভাবে জানে। আর তাই প্রস্তুতি ম্যাচে স্পিনারদের নিয়েই বেশি হিসাব-নিকাশ করেছে দলটি।
লেহম্যান জানিয়েছেন, অভিজ্ঞ নাথান লায়নের নেতৃত্বে স্পিন আক্রমণে থাকবেন অ্যাডাম জাম্পা, অ্যাস্টন আগর, এবং মিচেল সোয়েপসন।
জন হল্যান্ডকেও বিবেচনায় রাখতে চান লেহম্যান, ‘আমার মনে হয় হল্যান্ড প্রস্তুতি ম্যাচে ভালো বল করেছে। সুতারং আমরা আমাদের স্পিন আক্রমণে একটু গভীরতা আনতে তাকে চাই। যেটা গুরুত্বপূর্ণ।’








