মেয়েদের নিয়ে বেফাঁস মন্তব্য করে ‘সরি’ বলেও রক্ষা হলো না। নিজের পদ থেকেও পদত্যাগ করতে হলো বৃটেনের রয়্যাল সোসাইটির ফেলো স্যার টিম হান্টকে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সম্মানিক প্রফেসর ছিলেন তিনি। তার পদত্যাগের কথা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৈজ্ঞানিক ল্যাবে মেয়েদের সাথে কাজ করাকে ‘সমস্যা’ বলার পর ক্ষমা চেয়েছিলেন নোবেল জয়ী স্যার টিম হান্ট। কোনো হীন উদ্দেশ্যে ওই মন্তব্য করেননি বলেও জানিয়েছিলেন তিনি।
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৯ জুন সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড কনফারেন্স অব সায়েন্স জার্নালিস্ট সম্মেলনে করা মন্তব্যের জন্য নিজের পদ থেকে পদত্যাগ করেছেন স্যার টিম।
এতে আরও বলা হয়, ইউসিএল হলো ব্রিটেনের প্রথম বিশ্ববিদ্যালয় যারা ল্যাবে নারী-পুরুষকে সমতার ভিত্তিতে কাজের সুযোগ দিয়েছে। টিমের মন্তব্য আমাদের প্রতিশ্রুতি ও লিঙ্গ বৈষম্য বিরোধ নীতির পরিপন্থি।
২০০১ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পাওয়া ৭২ বছর বয়সী স্যার টিম সাংবাদিকদের সামনে বলেছিলেন, ‘ল্যাবে মেয়েদের সাথে কাজ করতে গিয়ে তিনটি ঘটনা ঘটে: হয় আপনি তাদের প্রেমে পড়বেন, না হয় তারা আপনার প্রেমে পড়বে। আর একটু সমালোচনা করেছেন বা বকেছেন, ব্যাস কান্নাকাটি শুরু’।






