পঞ্চাশ বছর পর প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত করলো মিয়ানমার। নতুন প্রেসিডেন্ট হলেন অং সান সু চি’র দল এনএলডি’র তিন কিয়াও। গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিশাল জয় পায় সু চি’র দল।
তিনি নিজ দলের এক প্রার্থী ও জান্তা সরকারের এক প্রার্থীকে হারিয়েছেন। ৬শ ৫২ ভোটের মধ্যে ৩শ ৬০ ভোট পেয়েছেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কিয়াও বলেছেন, ‘এই জয় আসলে আমার বোন সু চি’রই জয়। তাকে ধন্যবাদ।’
নির্বাচনে বড় জয় পেলেও সাংবিধানিক জটিলতার কারণে প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ সু চি’র। তবে কিয়াও প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সর্বময় ক্ষমতা যে সু চি’র হাতে তাতে সন্দেহ নেই।
দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট হবেন জান্তা সমর্থিত প্রার্থী মিন সুই। আর দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও।






