ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিন রাউন্ড শেষ হয়েছে। শনিবার তিন ভেন্যুতে গড়িয়েছে চতুর্থ রাউন্ডের খেলা। সোমবার আরো তিনটি ম্যাচের মাধ্যমে শেষ হবে এ রাউন্ডটি। পঞ্চম রাউন্ড থেকে হোম অব ক্রিকেটে ফিরছে লিগ। ২২ ফেব্রুয়ারি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।
আন্তর্জাতিক সূচির কারণে ব্যস্ত ছিল মিরপুর। এ মাঠে ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ও টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ দল।
৫ ফেব্রুয়ারি মাঠে গড়ায় ২০১৭-১৮ মৌসুমের ঢাকা লিগ। একইদিনে তিনটি করে ম্যাচ হয় বিকেএসপি’র দুই মাঠে ও ফতুল্লায়। পঞ্চম রাউন্ড থেকে মিরপুর, বিকেএসপি ও ফতুল্লায় একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিন রাউন্ড শেষে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। দলটিতে ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা খেলছেন নাসির হোসেনের নেতৃত্বে। আগের মৌসুমে রূপগঞ্জের হয়ে খেলেও অধিনায়কের ভার নেননি মাশরাফী। মাশরাফীর অনুরোধে নেতৃত্বে দায়িত্ব সামলান মুশফিকুর রহিম।








