জাতীয় শোক দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে এ আলোচনা সভায় পুলিশ কর্মকর্তারা একটি ট্রুথ কমিশন গঠনের দাবি জানান। তারা বলেন, জাতির জনক হত্যাকাণ্ড এবং ৭৫ পরবর্তী সময়ে কার কী ভূমিকা ছিলো ট্রুথ কমিশন তা জানতে পারে।
আলোচনা সভায় পুলিশের অতিরিক্ত আইজি মইনুর রহমান চৌধুরী বলেন, অনেকের দাবি মোশতাকের মন্ত্রিসভায় যারা শপথ নিয়েছিলেন, তাদের অনেকেই এখনো দায়িত্বে আছেন। জাতিকে ঠকানোর কোনো অধিকার প্রশাসনের নেই। তাই ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে এই বিষয়গুলো পরিষ্কার করার অনুরোধ জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশের যা অর্জন সবই রক্ত দিয়ে কেনা। এমনকি মায়ের ভাষায় কথা বলার অধিকারও রক্ত দিয়ে কিনতে হয়েছে। তিনি বলেন, ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে স্বাধীন হয়েছে। কিন্তু বাংলাদেশকে স্বাধীন হতে মুক্তিযুদ্ধ করতে হয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, নতুন প্রজন্মের কাজ হলো বঙ্গবন্ধুর আদর্শ, কর্ম, তাঁর চিন্তা-চেতনা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া।







